ভবান্ ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়
অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ ॥ ৮ ॥
ভবান্–আপনি স্বয়ং; ভীষ্মঃ–পিতামহ ভীষ্ম; চ–ও; কর্ণঃ–কুন্তীপুত্র কর্ণ; চ–এবং; কৃপ–কৃপাচার্য; চ–এবং; সমিতিঞ্জয়ঃ–সর্বদা সংগ্রামে বিজয়ী; অশ্বত্থামা–দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা; বিকর্ণঃ–দুর্যোধনের ভ্রাতা বিকর্ণ; চ–ও; সৌমদত্তিঃ–সোমদত্তের পুত্র ভুরিশ্রবা; তথা–এবং; এব–অবশ্যই; চ–ও।
গীতার গান
আপনি আর পিতামহ ভীষ্মাদিগণ।
কৃপাচার্য রণজয়ী হয় একত্রে বর্ণন ॥
অশ্বত্থামা বিকর্ণাদি সৌমদত্তি আর।
যথাযথ তথা তথা সৈন্য সে অপার ॥
অনুবাদ
সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী–ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যাঁরা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন।
তাৎপর্য
পান্ডব-পক্ষের রথী-মহারথীদের বর্ণনা করবার পর দুর্যোধন তার স্বপক্ষে যে সমস্ত বীরেরা যোগদান করেছেন তাঁদের বর্ণনা করেছে। বিকর্ণ হচ্ছেন দুর্যোধনের ভাই, অশ্বত্থামা হচ্ছেন দ্রোণাচার্যের পুত্র এবং সৌমদত্তি বা ভূরিশ্রবা হচ্ছেন বাহ্লীকের রাজার ছেলে। কর্ণ ছিলেন অর্জুনের বৈপিত্রেয় ভ্রাতা, কেন না রাজা পান্ডুর সঙ্গে বিবাহ হবার আগে কুন্তীদেবীর কোলে তার জন্ম হয়। কৃপাচার্যের যমজ ভগ্নীদ্বয়ের সাথে দ্রোণাচার্যের বিবাহ হয়।