এক নেড়ামাথা লোক বেলবাগানের মাঝখান দিয়ে বাজারে যাচ্ছিল। এমন সময় একটা বড় পাকা বেল গাছ থেকে খসে তার মাথায় পড়ল। লোকটা বেলতলাতে এসে খুব কষ্ট পেল। অন্য একদিন সেই বেলতলা দিয়ে লোকটি কোথাও যাচ্ছিল। আগের দিনের মতো ঐদিনও বেল মাথায় পড়ল। ঐরকম দুর্দশা দেখে লোকটি সংকল্প নিল- “আর আমি কোনও দিন বেলতলায় যাব না।”
একদিন তার কয়েকজন বন্ধু সেই বেলতলা দিয়ে এক জায়গায় যাচ্ছিল। তারা সেই মাথানেড়া বন্ধুটিকে সেখানে ডাকল। কিন্তু সে বলল-‘নেড়া কয়বার বেলতলায় যায় ? একবার যে কাজ করে ঠকেছি, তাতে যে দুর্ভোগ ভুগেছি, জীবনে আর কখনও সেই কাজ করব না।”
। হিতোপদেশ।
জগতের লোক ভোগের সংসারে কত কষ্ট পাচ্ছে, তবুও নেড়া লোকটির মতো বুদ্ধিলাভ করছে না। তারা আবার বেলতলায় যাচ্ছে। তারা নির্বোধের মতো বারবার দুঃখ ও উদ্বেগপূর্ণ জগতে সুখের নেশায় নতুন নতুন সংসার পাতিয়ে একই প্রকার দুঃখ লাভ করছে। যদিও তারা দেখছে মায়ার সংসারে জীবের বহু কষ্ট, তবুও তারা সংসার বাসনা ছাড়ে না।