শ্লোক ৪-৬

অত্র শূরা মহেষ্বাসা ভীমার্জুনসমা যুধি
যুযুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ ॥ ৪ ॥
ধৃষ্টকেতুশ্চেকিতানঃ কাশিরাজশ্চ বীর্যবান্।
পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ ॥ ৫ ॥
যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান্।
সৌভদ্রো দ্রোপদেয়াশ্চ সর্ব এব মহারথাঃ ॥ ৬ ॥

অত্র–এখানে; শূরাঃ–বীরগণ; মহেষ্বাসাঃ–বলবান ধনুর্ধরগণ; ভীমার্জুন–ভীম ও অর্জুন; সমাঃ–সমকক্ষ; যুধি–যুদ্ধে; যুযুধানঃ— যুযুধান; বিরাটঃ–বিরাট; চ–ও; দ্রুপদঃ–দ্রুপদ; চ–ও; মহারথঃ–মহারথী; ধৃষ্টকেতুঃ–ধৃষ্টকেতু; চেকিতানঃ–চেকিতান; কাশিরাজঃ–কাশিরাজ; চ–ও; বীর্যবান্–অত্যন্ত বলবান; পুরুজিৎ–পুরুজিৎ; কুন্তিভোজঃ–কুন্তিভোজ; চ–এবং; শৈব্যঃ–শৈব্য; চ–ও; নরপুঙ্গবঃ–মানব-সমাজে শ্রেষ্ঠ, যুধামন্যু–যুধামন্যু; চ–এবং; বিক্রান্তঃ–বলবান; উত্তমৌজাঃ–উত্তমৌজা; চ–এবং; বীর্যবান্–অত্যন্ত শক্তিশালী; সৌভদ্রঃ–সুভদ্রার পুত্র; দ্রৌপদেয়াঃ–দ্রোপদীর পুত্রেরা; চ–এবং; সর্বৈ–সকলে; এব–অবশ্যই; মহারথাঃ–মহারথীগণ

গীতার গান
এইস্থানে বর্তমান বহু যোদ্ধাগণ
ভীমার্জুনসম তারা ধুনুর্ধারী হন ॥
যুযুধান বিরাট দ্রুপদ মহারথী সব।
ধৃষ্টকেতু চেকিতান কাশীর পুঙ্গব ॥
পুরুজিৎ কুন্তিভোজ শৈব্যরাজাগণ।
যুধামন্যু বিক্রান্ত নহে সাধারণ ॥
বীর্যবান যে এই সৌভদ্র দ্রৌপদেয়
সকলেই মহারথী কেহ নহে হেয় ॥

অনুবাদ
সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশিরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র ও দ্রৌপদীর পুত্রগণ। এই সব যোদ্ধারা সকলেই এক-একজন মহারথী।

তাৎপর্য
যদিও দ্রোণাচার্যের অসীম শৌর্য, বীর্য ও সামরিক কলা-কৌশলের কাছে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক এবং তাঁর ভয়ে ভীত হবার কোন কারণই ছিল না দ্রোণাচার্যের পক্ষে, কিন্তু ধৃষ্টদ্যুম্ন ছাড়াও পান্ডবপক্ষে অন্য অনেক রথী-মহারথী ছিলেন, যাঁরা সত্যিসত্যিই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। দুর্যোধনের পক্ষে সেই যুদ্ধজয়ের পথে তাঁরা ছিলেন এক-একটি দুরতিক্রম্য প্রতিবন্ধকের মতো, কারণ তাঁরা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ংকর। তাঁদের বীরত্বের কথা দুর্যোধন ভালভাবেই জানতেন, তাই তিনি অন্যান্য রথী-মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন।

Comments are closed.

October 2015
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Blog Stats

  • 140,963 hits