যাত্রাওয়ালা ধীরেন অধিকারী মাসিক পঁচিশ টাকা মাইনে দিয়ে বাগদীকে তার যাত্রা দলে নিয়েছিলেন। কালী বাগদী দেখতে লম্বা চওড়া। তার গলার সুর মিষ্ট ছিল। তাকে নারদের অভিনয় করতে দেওয়া হয়েছিল। কিন্তু সে খুব গাঁজা খেত। অন্যান্য দোষও ছিল। নানা নেশায় তার চোখ দুটো সর্বদা লাল হয়ে থাকত। আসলে সে কত রকমের হাবভাব দেখিয়ে বীণা বাজিয়ে গান করত। সাধারণ লোকে তাকে দেখে বলত-“আহা অরুন নয়নে জল, প্রেমে টলমল। ভক্তি আর কাকে বলে?”
। হিতোপদেশ।
যে ব্যক্তি সদগুরুর কাছে দীক্ষা গ্রহণের অভিনয় করে হৃদয়ে অন্য অভিলাষ পোষণ করে, সে নিজেকে ও লোককে বঞ্চনা করছে। যার ভক্তি, ভক্ত ও ভগবানের স্বরূপ সম্বন্ধে কোনও জ্ঞান নেই, অথচ নিজেকে অন্যের কাছে ভক্ত বলে জাহির করে, সে কপট ব্যক্তি। সে কামিনী, কাঞ্চন বা সম্মান লাভের জন্য যাত্রার দলের নারদের মতো ধার্মিকের বেশ গ্রহণ করে। কিন্তু তার কপটতা লোকে ধরে ফেলে।