বৃক নামে এক ধুরন্ধর অসুর ব্যক্তি নিজেকে শিবের পরমভক্ত বলে অভিমান করত। সে কঠোর তপস্যা করেছিল। তার তপস্যা দেখে শিব তাকে বর দিতে চাইলেন- ‘তুমি কি বর চাও’ বৃক বলল- ‘প্রভু আমাকে এমন বর দিন, যাতে আমি যার মাথায় হাত রাখব সেই ব্যক্তির তক্ষুণি মৃত্যু হবে।’ এইরকম মারাত্মক কথা শুনেও শিব বললেন-“তথাস্তু”। কিন্তু শিবের দেওয়া সেই বরের ফল সুনিশ্চিৎ কিনা বৃক সন্দেহ করতে লাগল। পরীক্ষা করার জন্য সে প্রথমে শিবের মাথায় হাত খানা রাখতে চাইল। বিপদ বুঝে শিব অগত্যা ভগবান শ্রীবিষ্ণুর শরণ নিয়ে দৌড়াতে লাগলেন। বৃকও তাঁর পেছনে ছুটতে লাগল। তখন শ্রীবিষ্ণু এক ব্রাহ্মণের বেশে এসে বৃককে বললেন- “কি ভাই, সকাল সকাল এত ছুটোছুটি কিসের? কিছু ঘটেছে কি? বৃক বলল-“হ্যাঁ, শিবের কাছে বর পেয়েছি- যার মাথায় হাত দেব তার মৃত্যু হবে। কিন্তু বরটি সত্য কিনা পরীক্ষা করতে চাই। ব্রাহ্মণ বললেন-“ছি, ছি ওই ভন্ড শিবের কথা তুমি একদম বিশ্বাস করো না। ওর বরের ঠিক নেই। ওই বরে তোমার কিছুই হবে না। তুমি নিজের মাথায় হাত দিয়ে দেখ না করে।” বৃক নিজের মাথায় হাত দেওয়া মাত্রই মৃত্যু মুখে পতিত হল।
। হিতোপদেশ।
যারা গুরুর উপর গুরুগিরি করে গুরুদেবের কাছ থেকে পাওয়া শক্তি দ্বারা গুরুদেবকে বিনাশ করবার চেষ্টা করে, তারা সেই শক্তির দ্বারা আত্মহত্যাই করে। সদ্ বৈষ্ণব গুরুর উপর গুরুগিরি করবার চেষ্টা না করে তাঁর কৃপার অনুসরন করেন।