এক লোভী ব্যক্তি ছিল। সে এক মুদির দোকানে গিয়ে কিছু গুড় চাইল। দোকানদার বিনামূলে গুড় দিতে রাজী হলেন না। সামনেই সাজানো অনেকগুলি গুড়ের পাত্র দেখে লোভী ব্যক্তিটি একটি উপায় স্থির করল।
সে তার হাতের কনুই গুড়ের পাত্রের মধ্যে ডুবিয়ে দিল যেন সে একটি পাত্রে ভর দিয়ে দাড়িয়ে রয়েছে, এই ভাব দেখাল। হাত দিয়ে গুড় ওঠাতে গেলে দোকানদার দেখে ফেলল কিছুতেই গুড় নিতে দেবে না। কিন্তু কনুইতে কিছু গুড় লাগিয়ে নিতে পারলে দোকানদার বুঝতে পারবে না। অথচ আড়ালে গিয়ে কনুই চেটে চেটে গুড় খাওয়া যাবে। তাই হল। সে হাতের কনুইতে গুড় লাগিয়ে নিয়ে কিছুদূরে গিয়ে জিভ দিয়ে কনুইয়ের লাগানো গুড় চেটে খাওয়ার চেষ্টা করতে লাগল। কিন্তু সে কিছুতেই জিভটা কনুইতে ছোঁয়াতে পারল না। মিষ্টি রসের স্বাদ পাওয়া তার পক্ষে ভারি মুশকিল হল।
। হিতোপদেশ।
প্রকৃত মুক্তির আনন্দ পেত হলে সরাসরি ভগবদ্ভক্তি দরকার। ভক্তি ছাড়া জ্ঞান, যোগ, সাধনা, কর্ম প্রভৃতির মাধ্যমে যারা মুক্তি সুখ লাভ করবার চেষ্টা করে, তাদের অবস্থা কনুইতে গুড় খাওয়ার মতো। তাতে মুক্তিসুখ লাভ হয় না। কৃষ্ণভক্তি লাভ করতে পারলে মুক্তি আপনা আপনি অনায়াসেই লাভ হয়।